জাতীয়দুর্ঘটনা

টঙ্গীতে চলন্ত ট্রেনে কাটা পড়ে মা ও দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক মা ও তার দুই বছর বয়সী শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে টঙ্গী পূর্ব থানার ৪৭ নং ওয়ার্ডের শিলমুন এলাকার আকিজ বেকারির পেছনে ভৈরব রেলওয়ে লাইনে ঢাকা-ভৈরবগামী একটি ট্রেন চলাচলকালে ওই নারী ও তার শিশুসন্তান ট্রেনের নিচে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন মোসা. জান্নাতী (৩৫) ও তার দুই বছর বয়সী ছেলে জুনায়েদ। জান্নাতীর পৈতৃক বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বলেরহাট গ্রামে। তিনি ওই গ্রামের ইমাম হোসেনের মেয়ে। বর্তমানে তিনি স্বামী শামীম হোসেনকে নিয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার তিস্তারগেইট এলাকায় নূরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জান্নাতী তার শিশুসন্তানকে সঙ্গে নিয়ে রেললাইন পার হওয়ার সময় অথবা অসতর্কভাবে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় হঠাৎ একটি চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। এতে মা ও শিশুর শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত পুলিশে খবর দেন। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল ও রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উদ্ধার শেষে রেলওয়ে ফাঁড়ি পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কার্যক্রম শুরু করে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রহিমা আক্তার জানান, নিহত মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button