
মনছুর আলম মুন্না
কক্সবাজার শহরের কলাতলী মোড়ে ভিপি বাহাদুরের নির্বাচনী পথসভা ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর কক্সবাজারের হোটেল-মোটেল খাত সবচেয়ে বেশি প্লট বরাদ্দ ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনিয়ম, দখলদারিত্ব ও স্বজনপ্রীতির কারণে পর্যটননির্ভর এই শিল্প আজ সংকটে পড়েছে বলে তারা দাবি করেন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ সদর-রামু-ঈদগাঁও জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)। তিনি বলেন, কক্সবাজারের পর্যটন শিল্প রক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অবৈধ প্লট বরাদ্দ ও ব্যবসায়িক হয়রানি বন্ধ করে স্থানীয় উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়া হবে—এটাই আমাদের অঙ্গীকার।
পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোঃ শাকিল, সাংগঠনিক সেক্রেটারি শহীদুল্লাহ, রফিক উল্লাহ মুকুল, নুরুল আমিন, এনসিপি নেতা সাঈদ ও জুনাইদ প্রমুখ। বক্তারা পর্যটনখাতে স্থিতিশীলতা ফেরাতে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক প্রশাসনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
মাওঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ পথসভায় ১২ নম্বর ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জনতা উন্নয়ন ও সুশাসনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে ভিপি বাহাদুর রামু উপজেলার চেইন্দা, শহরের ৬নং ওয়ার্ডের দঃ রুমালিয়ার ছড়া, আলীর জাঁহালে পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করেন।





