অর্থ ও বাণিজ্য

ইরান যুদ্ধের প্রভাব: সুদানে ভয়াবহ খাদ্য সংকট আরও তীব্র

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ সুদানের খাদ্য পরিস্থিতিতে গুরুতর প্রভাব ফেলছে বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো। তাদের মতে, আগে থেকেই নাজুক থাকা পরিস্থিতি এখন আরো খারাপ হচ্ছে। জার্মান ত্রাণ সংস্থা ডব্লিউএইচএইচ-এর প্রধান ম্যাথিয়াস মগে বলেন, দেশে জিনিসপত্রের দাম দ্রুত বাড়ছে। জ্বালানির দাম প্রায় ৮০ শতাংশ এবং গমের মতো খাদ্যের দাম প্রায় ৭০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

তিনি জানান, এতে ত্রাণ পৌঁছানোর খরচও বেড়ে গেছে। ফলে অনেক মানুষ প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে না। জাতিসংঘের ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’-এর উপপ্রধান কার্ল স্কাউ বলেন, সুদানের ডিজেলের বড় অংশই উপসাগরীয় অঞ্চল থেকে আসে। তিনি দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন, কারণ দেশের সারও ওই অঞ্চল থেকেই আসে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সুদানের কৃষি অনেকটাই সেচের ওপর নির্ভরশীল, যা নীল নদ থেকে পানি তুলে করা হয়। এই সেচ ব্যবস্থার জন্যও জ্বালানি প্রয়োজন। উল্লেখ্য, ২০২৩ সালে সুদানে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি আরো খারাপ হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, এতে প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে পড়েছে এবং প্রায় ১ কোটি ১৬ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। সংঘাতে জড়িত উভয় পক্ষের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button