বাচ্চা ফেলে আছি জেলে, মুক্তি পাব ন্যায়বিচার হলে

সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন আদালতে বলেছেন, ‘বাচ্চা ফেলে দীর্ঘদিন আছি জেলে, মুক্তি পাব ন্যায়বিচার হলে। সরকার মুক্তি দিলে, যদি দয়া হয় তাদের দিলে।’
বুধবার (১৫ এপ্রিল) জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের জুম মিটিংকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহ মামলায় শুনানিতে এসে প্রিজনভ্যান থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন আওয়ামী লীগের সাবেক এ নারী এমপি।
ছন্দের আকারে তার এই বক্তব্য গান নাকি কবিতা জানতে চাইলে সাবিনা আক্তার তুহিন বলেন, ‘এটা একটা কবিতা। আমি মাঝেমধ্যে লেখালেখি করতাম। আমার বই বের হয়েছে দুটি। দুটি লাইন কবিতার ভাষায় বললাম। অন্তত সফলি হৃদয়ে আমাদের প্রতি তাদের কাজ করে।’
তিনি আরও বলেন, ‘পরিবর্তনের কথা বলছেন তারা (বর্তমান সরকার)। আমরা নারী। আপনারা জানেন, হজরত মুহাম্মদ (সা.)-এর সময়ও কিন্তু নারী ও শিশুদের ইহুদীরা হত্যা করত না। আমরা দীর্ঘদিন জেলে আছি। আমাদের প্রতি ন্যায়বিচার করুন।
কারাগারে ‘পহেলা বৈশাখ’ কেমন কাটল প্রশ্নের উত্তরে সাবেক এই এমপি বলেন, ‘আমাদের বৈশাখ হচ্ছে ফিকে, ফিকে। আমাদের ছোট ছোট বাচ্চা দূরে। আমার ১২ বছরের বাচ্চা কিন্তু আমার কাছে নেই।’
এদিকে রাষ্ট্রদ্রোহ এ মামলাটির আসামি তুহিন ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ আসামি। আজ ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির দিন নির্ধারিত ছিল। তবে এদিন আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ১৭ জুন নতুন দিন ধার্য করেন। এ সময় এ মামলায় গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনসহ ৩১ আসামিকে আদালতে তোলা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জুম মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়। ওই বৈঠকে অংশগ্রহণকারীদের কেউ কেউ গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর পদে প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেন এবং এ লক্ষ্যে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।





