চট্টগ্রামে নৌবাহিনী অভিযান: ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে “সি হার্ট” (Sea Heart) নামের একটি গোডাউনে তল্লাশি চালিয়ে দীর্ঘদিন ধরে মজুদ করে রাখা নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়।
অভিযানকালে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। সব মিলিয়ে ৩২ লাখ ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১২ কোটি টাকা।
পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, জাটকা রক্ষা এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবৈধ কার্যক্রম দমনে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।







