রাজনীতি

আ. লীগ কার্যালয়ের সামনে মাইকে স্লোগান, পুলিশ দেখে যুবকের পলায়ন

নোয়াখালীর মাইজদীতে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন এক যুবক। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি। এসময় ঘটনাস্থল থেকে মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) সকালে শহরের জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) তালাবদ্ধ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম মো. আলো (৩৩)। তিনি নোয়াখালী পৌরসভার দত্তেরহাট এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশায় দুটি মাইক স্থাপন করে মাইজদী শহরের জেলা আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে উপস্থিত হন আলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক পালিয়ে যান।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, স্লোগান দেওয়া যুবকের নাম আলো। তার মানসিক সমস্যা রয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে দুটি মাইক ও একটি অ্যামপ্লিফায়ার জব্দ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button