নতুন অস্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন এক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে ইরান। দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি দাবি করেছেন, খুব শিগগিরই এমন একটি অস্ত্রের মুখোমুখি হবে প্রতিপক্ষ, যা নিয়ে তারা ‘ভীষণ আতঙ্কিত’।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “অস্ত্রটি তাদের খুব কাছেই রয়েছে। আশা করি তারা এতে ‘হার্ট অ্যাটাক’ করবে না।” এই হুঁশিয়ারি এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের অবরোধ শিথিল করার কথা ছিল। তবে ওয়াশিংটন সেই প্রস্তাব নাকচ করে প্রণালির কাছে নৌ অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়।

শাহরাম ইরানি যুক্তরাষ্ট্রের এই কৌশলকে ব্যঙ্গ করে বলেন, অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে আনার যে ধারণা করা হয়েছিল, তা এখন ‘সামরিক একাডেমিগুলোতে রসিকতায় পরিণত হয়েছে।’ ইরান দাবি করেছে, তাদের বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের বিরুদ্ধে অন্তত সাতবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার ফলে নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্র ওই রণতরী থেকে বিমান উড্ডয়ন বা সামরিক অভিযান পরিচালনা করতে পারেনি বলেও দাবি করা হয়।

ইরান আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যুদ্ধ শুরু করার পর থেকে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবেদনশীল মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে অন্তত ১০০ দফা পাল্টা হামলা চালিয়েছে।

Exit mobile version