অন্যান্য

কলাবাগান থানার এসআই নিখোঁজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার একজন উপ পরিদর্শক (এসআই) নিখোঁজ হয়েছেন। রাকিবুল হাসান সরকার (৩২) নামের ওই পুলিশ সদস্য মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে থেকে নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসআইয়ের সন্ধান পেতে কলাবাগান থানা থেকে দেশের সব থানায় পাঠানো হয়েছে বেতার বার্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল হাসান। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

নিখোঁজ পুলিশ সদস্য রাকিবুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। ব্যক্তিগত বর্ণনায় জানা গেছে, তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এসআই নিখোঁজের ঘটনায় পুলিশ কাজ করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিবারের কাছ থেকে জানা গেছে, এর আগেও রাকিবুল কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।

তিনি আরও জানান, প্রযুক্তিগত বিশ্লেষণ করে নিখোঁজ পুলিশ সদস্যের সর্বশেষ অবস্থান পুরান ঢাকার চকবাজারে পাওয়া গিয়েছিল। এরপর থেকে আবারও ফোন বন্ধ রয়েছে তার। তাকে খুঁজে পেতে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button