আইন-আদালত

তারিক সিদ্দিকের দুই সহযোগী ৪ দিন রিম্যান্ডে

রাজধানীর রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের দুই সহযোগীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুই আসামি হলেন— মহিদুল ইসলাম (৪২) ও চান মিয়া (৪৬)।

রমনা থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার আসামিদের আদালতে হাজির করে উভয়ের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আর আসামিপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম রিমান্ড বাতিলের আবেদন করেন।
এর আগে নিউ মার্কেট থানার হত্যা মামলায় এই দুজনকে মোট ১২ দিন রিমান্ডে পাঠান আদালত। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

আজকের রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা তারিক সিদ্দিকের ঘনিষ্ঠজন হওয়ার সুবাদে নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তাদের ভূমিকা এবং অস্ত্র ও অর্থ সরবরাহের নেপথ্যে থাকা তথ্যাদি উদঘাটনের জন্য এই রিমান্ড জরুরি।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১২ মে বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারের সামনের রাস্তায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে একদল লোক সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন। পুলিশ অভিযান চালিয়ে মিছিল থেকে মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবির হোসেনসহ সাত জনকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় রমনা মডেল থানার এসআই আওলাদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০-৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

ওই ঘটনায় তদন্তে পাওয়া আসামি হিসেবে তারিক সিদ্দিকীর দুই সহযোগীকে রিমান্ডে নেওয়া হলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button