মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক

সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার দুবাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন। একাধিক সূত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও রন হক শিকদারের মারা যাওয়ার খবরটি স্ট্যাটাস আকারে দিচ্ছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘রন সিকদার এই মাত্র মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতে চিরশান্তিতে রাখুক।’
রন হক সিকদার দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এবং ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক। তিনি এই গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত জয়নুল হক সিকদারের মেজো ছেলে। সম্প্রতি তিনি এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন আর্থিক অনিয়ম ও আইনি ঝামেলার কারণে সংবাদ শিরোনামে রয়েছেন।
শিকদার গ্রুপটি আবাসন, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে কাজ করে এবং ন্যাশনাল ব্যাংকে রন হক সিকদার ও তার পরিবারের সদস্যরা দীর্ঘকাল পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে ছিলেন।
আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার এবং তার ভাই রিক হক সিকদারের বিরুদ্ধে দুদকে মামলা ও তদন্ত চলমান রয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে প্রায় ৭১ কোটি টাকা পাচার ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ১৫০ কোটি টাকা ঋণের অভিযোগ রয়েছে। পাশাপাশি, তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ২০৩টি ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ জব্দের নির্দেশও দিয়েছে আদালত।
আওয়ামী লীগ সরকার এবং সিকদার গ্রুপের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক ছিলো বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জয়নুল হক সিকদার এবং তার পরিবার আওয়ামী লীগের দুর্দিনের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন এবং দলীয় হাইকমান্ডের সাথে তাদের সুসম্পর্ক ছিল। এর সুবাদে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে সংবাদ শিরোনাম হন সিকদার গ্রুপের পরিচালক রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার।





