হাওরের ক্ষতিগ্রস্ত ১ লাখ পরিবার ৩ মাসের সহায়তা পাবে: দুলু

হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রায় এক লাখ পরিবারকে তিন মাস সরকারের তরফে আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
অতি বৃষ্টি ও হঠাৎ বন্যায় গত কয়েকদিন হাওর ও নিম্নাঞ্চলে ব্যাপক ফসলডুবির ঘটনা ঘটেছে। এমন ছয় জেলার ক্ষতিগ্রস্তদের তালিকা করার চেষ্টার কথাও বলেন তিনি।
এদিকে মঙ্গলবার সুনামগঞ্জের বন্যাকবলিত হাওরাঞ্চল পরিদর্শনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আবদুস সাত্তারের সঙ্গে তিনি নিজেও যাবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী দুলু।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে হেক্টর হেক্টর জমির ফসল পানিতে ডুবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক।





