যশোরে তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক সাইফুল ইসলামের অকাল মৃত্যু

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা এবং বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ সাইফুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় আর এন রোড নতুন বাজার সংলগ্ন নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪৮ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তিনি হঠাৎ স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক সেবা দেওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ব্যক্তিজীবনে সাইফুল ইসলাম ছিলেন অত্যন্ত পরোপকারী ও জনদরদী মানুষ। ফতেপুর ইউনিয়নের সাধারণ মানুষের সেবায় তিনি সর্বদা নিয়োজিত থাকতেন। এলাকার মানুষের ভালোবাসা ও জনসমর্থন নিয়ে তিনি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়েছিলেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা ও দাফনের সময়সূচী পরবর্তীতে জানানো হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তরুণ এই রাজনীতিবিদের মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।







