উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (৬ মে) সকালে তিনি উখিয়ার আর্মি ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৪ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্যাম্পের চলমান খাদ্য বিতরণ, এলপিজি সরবরাহ, চিকিৎসা সেবা, শিক্ষা কার্যক্রম এবং নারীদের দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
সকাল ১০টা ১০ মিনিটে শুরু হওয়া এ কার্যক্রমে তিনি প্রথমে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) অর্থায়নে পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের ডিজিটাল ভাউচার পদ্ধতিতে খাদ্য সংগ্রহ প্রক্রিয়া এবং চলমান সেবা কার্যক্রম সম্পর্কে অবগত হন। এ সময় খাদ্য নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন তিনি।
এরপর প্রতিমন্ত্রী এলপিজি বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন এবং গ্যাস সিলিন্ডার বিতরণ ও নিরাপদ ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেন।
পরে ক্যাম্প-৪ এর সিআইসি কার্যালয়ে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। সভায় রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, সেবা কার্যক্রম এবং প্রত্যাবাসন বিষয়ে আলোচনা হয়। এ সময় রোহিঙ্গা প্রতিনিধিরা নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং এ প্রক্রিয়ায় সহযোগিতা কামনা করেন।
পরবর্তীতে তিনি আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা পরিচালিত একটি হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মান সম্পর্কে খোঁজ নেন।
এরপর তিনি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করে শিশুদের পাঠদান পদ্ধতি ও শিক্ষার মান সম্পর্কে অবগত হন। পাশাপাশি নারী দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যবিধি সামগ্রী উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে নারীদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সবশেষে দুপুর আড়াইটার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।







