যশোরের মনিরামপুরে বিল পানিডরা খাল খনন কর্মসূচির উদ্বোধন

যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বিল পানিডরা খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ‘সফল ফর ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট’ প্রকল্পের উদ্যোগে এই খনন কাজের সূচনা করা হয়।
প্রকল্পের সভাপতি কামাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন, মনিরামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল সাদ্দাম, স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন এবং হুমায়ুন কবির মিঠু। এছাড়াও অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতো।
এই খনন কর্মসূচির মাধ্যমে বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল হবে, যা স্থানীয় কৃষিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।







