ইরানের পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে পারি না। তারা চরম উগ্র মানসিকতার। তাদের হাতে এমন অস্ত্র পৌঁছানো বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি।

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমি বলেছি, তারা পরাজিত হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির কারণেই ইরান পারমাণবিক সক্ষমতার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ট্রাম্পের দাবি, তিনি ক্ষমতায় এসে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি বাতিল না করলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত এবং তা ইসরাইলসহ পুরো মধ্যপ্রাচ্যে ব্যবহার করার ঝুঁকি তৈরি হতো।

ট্রাম্প আরও বলেন, ইরানের কাছে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছিল, যা ইউরোপ পর্যন্ত আঘাত হানতে সক্ষম। সাম্প্রতিক ঘটনাগুলো সেই সক্ষমতারই ইঙ্গিত দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়ে গেছে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি এমনটা বলিনি। আমি বলেছি তারা ব্যর্থ হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে কাজ শেষ হয়ে গেছে। আমরা আরও দুই সপ্তাহ হামলা চালিয়ে যেতে পারি এবং যেকোনো লক্ষ্য অর্জন করতে পারি।

তিনি আরও বলেন, আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে, যার সম্ভবত ৭০ শতাংশ আমরা অর্জন করেছি, কিন্তু আরও অন্যান্য লক্ষ্যমাত্রাও রয়েছে যা আমরা অর্জন করতে পারি।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাব গ্রহণ না করলে তিনি পুনরায় বোমা হামলা শুরু করবেন।

Exit mobile version