যশোরে মাদকবিরোধী অভিযানে রিভালবার, গুলি ও গাঁজাসহ গ্রেফতার ১

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি রিভালবার, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুর ২টা থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বিরামপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ রবিউল ইসলাম (৩৮), পিতা মৃত তাজুল ইসলাম ও মাতা মৃত তহমিনা। তার বাড়ি বিরামপুর পশ্চিমপাড়া, ডাকঘর নতুন উপশহর-৭৪০০, থানা কোতয়ালী মডেল, জেলা যশোর।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামীর নিজ দখলীয় দক্ষিণ দুয়ারী সেমিপাকা এক কক্ষ বিশিষ্ট বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে তার ঘরের ভেতর থেকে ১০০ গ্রাম গাঁজা, একটি রিভালবার, তিন রাউন্ড গুলি এবং একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে আসামীর বিরুদ্ধে পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, যশোর জেলায় মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।







