বিশ্ব সংবাদ

জ্বালানি সংকট: নিজ বহরে গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমানোর নির্দেশ মোদির

বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এবার সরকারি ব্যয়ে কাটছাঁটের পথে হাঁটছে ভারত সরকার। এমন অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার গাড়িবহরের যানবাহনের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বহরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর কথাও বলা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার গাড়িবহরে থাকা যানবাহনের সংখ্যা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি খরচ কমানো ও মিতব্যয়িতা উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একই সঙ্গে মোদির নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ সুরক্ষা বাহিনী বা এসপিজিকে গাড়িবহরে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। তবে এ উদ্দেশ্যে নতুন গাড়ি কেনা যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন মোদি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এসপিজি ইতোমধ্যে এই নির্দেশনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তবে ‘ব্লু বুক’-এ নির্ধারিত বাধ্যতামূলক নিরাপত্তা বিধিতে যেন কোনও প্রভাব না পড়ে, সেটিও নিশ্চিত করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই খরচ কমানোর উদ্যোগ এখন বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যেও অনুসরণ করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও তাদের সরকারি গাড়িবহরের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

অপ্রয়োজনীয় ভ্রমণ কমানো ও জাতীয় সম্পদের সাশ্রয়ের বিষয়ে সম্প্রতি যে আহ্বান জানিয়েছেন মোদি, এই পদক্ষেপকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া জ্বালানি সংকট ও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের উচ্চমূল্যের মধ্যে গত রোববার দেশবাসীকে একযোগে খরচ কমানোর মতো কাজে অংশ নেয়ার আহ্বান জানান মোদি। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, সরবরাহব্যবস্থার বিঘ্ন এবং মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রী দেশবাসীকে ‘জাতীয় দায়িত্বশীল’ জীবনযাপন অনুসরণের আহ্বান জানান এবং স্থানীয় পণ্য ব্যবহারে উৎসাহ দেন। তিনি প্রশ্ন তোলেন, ‘সবকিছুর জন্য আমদানির ওপর নির্ভর করলে দেশ কীভাবে এগোবে?’

এ ছাড়া বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে এক বছরের জন্য ‘অপ্রয়োজনীয় স্বর্ণ’ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান মোদি। একই সঙ্গে বিদেশ ভ্রমণ ও বিদেশে গন্তব্যভিত্তিক বিয়ের আয়োজন এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

মোদি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণও দেশপ্রেমের অংশ। তাই বিদেশে ছুটি কাটানো ও বিদেশে বিয়ের অনুষ্ঠান আয়োজন এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের ভেতরে পর্যটন ও অনুষ্ঠান আয়োজনের ওপরও জোর দেন মোদি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button