অপরাধবাংলাদেশ

বাউফলে নিখোঁজ চার কিশোরী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

বাউফলে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার কিশোরীকে চার দিন পর ঢাকার গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকার মৌচাক থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের কালিয়াকৈর থানায় নেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া কিশোরীদের মধ্যে তিন জন সপ্তম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে তিন জন একই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী এবং অপরজন পাশের একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

নিখোঁজ হওয়া এক কিশোরীর বাবা বলেন, চার দিন ধরে আমরা চরম উৎকণ্ঠার মধ্যে ছিলাম।

বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান চালায়।

প্রাথমিকভাবে জানা গেছে, গার্মেন্টস কারখানায় চাকরি করার উদ্দেশ্যে তারা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি বাসাভাড়া নেয়। চাকরির জন্য জীবনবৃত্তান্ত (সিভি) তৈরির সময় তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

তিনি আরো বলেন, চার কিশোরীর সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় চার কিশোরী। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না মেলায় ঐ রাতেই অভিভাবকরা বাউফল থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button