ঈদগাঁওতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মশালা

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় কোরবানির পশু সঠিক নিয়মে জবাই, চামড়া ছাড়ানো, সংরক্ষণ এবং যথাযথভাবে লবণ প্রয়োগ বিষয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় স্থানীয় বিভিন্ন এতিমখানার চামড়া সংগ্রহকারী প্রতিনিধি এবং পেশাদার কসাইরা অংশগ্রহণ করেন।
ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মাহাবুবুর রহমান এবং
উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম তালুকদার। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের চামড়ার গুণগত মান বজায় রাখার নানাবিধ কৌশল সম্পর্কে ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা দেওয়া হয়। প্রশিক্ষকদ্বয় প্রধানত যে বিষয়গুলোর ওপর জোর দেন: সঠিক নিয়মে জবাই ও চামড়া ছাড়ানো: চামড়ায় যাতে কোনো ধরনের কাটাকুটি বা দাগ না লাগে, সেভাবে সতর্কতার সাথে চামড়া ছাড়ানোর কৌশল। গুনগত মান ও সংরক্ষণ: চামড়া ছাড়ানোর পর দ্রুততম সময়ের মধ্যে কীভাবে তা সংরক্ষণের উপযোগী করা যায়। যথানিয়মে লবণ প্রয়োগ: চামড়া নষ্ট হওয়া রোধে সঠিক পরিমাণে এবং নিয়মতান্ত্রিকভাবে লবণ দেওয়ার গুরুত্ব।
কর্মশালায় বক্তারা বলেন, কোরবানির চামড়া আমাদের জাতীয় অর্থনীতির একটি বড় সম্পদ। সঠিক নিয়মে চামড়া ছাড়ানো এবং সংরক্ষণ করা গেলে এর গুণগত মান বজায় থাকে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। চামড়ার অপচয় ও ক্ষতি রোধে সংশ্লিষ্ট সবাইকে সচেতনতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান তারা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের সময়োপযোগী উদ্যোগের ফলে তারা চামড়া নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন, যা আসন্ন ঈদে মাঠপর্যায়ে কাজে লাগবে।







