জাতীয়বাংলাদেশ

‘ইত্যাদি’র শুটিং স্পটে চরম বিশৃঙ্খলা, সাংবাদিকসহ শতাধিক দর্শকের মোবাইল চুরি

নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং স্পটে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২০ মে) সন্ধ্যায় রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগরে অবস্থিত রামনগর হাই স্কুল মাঠ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানস্থলে এই ঘটনা ঘটে। প্রবেশ গেটে কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা এবং দর্শকদের উপচে পড়া ভিড়ের সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চোর চক্র এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য আমন্ত্রিত অতিথিদের বিশেষ পাসের ব্যবস্থা ছিল। তবে প্রবেশ গেটে প্রশাসনের অব্যবস্থাপনার কারণে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পাসধারী নারী ও শিশুসহ হাজার হাজার দর্শককে তীব্র ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি করে ভেতরে প্রবেশ করতে হয়েছে। আর এই সুযোগেই অনুষ্ঠানস্থলে অবস্থান নেওয়া একটি সুসংগঠিত পকেটমার চক্র দর্শকদের পকেট ও ভ্যানিটি ব্যাগ থেকে একের পর এক মূল্যবান মোবাইল ফোন হাতিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তার দায়িত্বে থাকা বিপুলসংখ্যক পুলিশ সদস্যও হিমশিম খান বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, অনুষ্ঠানস্থলে প্রায় তিন হাজার অতিথির বসার আসন বরাদ্দ ছিল। কিন্তু পাস ছাড়াও আরও কয়েক হাজার বহিরাগত ব্যক্তি প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করতে যাওয়া ইনডিপেনডেন্ট টেলিভিশন, দীপ্ত টিভি, ইভিনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক ও প্রতিদিনের সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমের অন্তত ৭ জন কর্মরত সাংবাদিকের দামি স্মার্টফোন চুরি হয়ে যায়। পরবর্তীতে অব্যবস্থাপনার কারণে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে শত শত পাসধারী আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ভুক্তভোগী সাংবাদিক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, “অনুষ্ঠানে প্রবেশের প্রধান ফটক দিয়ে ঢোকার সময় প্রশাসনের অব্যবস্থাপনায় ব্যাপক হট্টগোল দেখা দেয়। আমরা ভেতরে প্রবেশ করেই দেখি আমার মোবাইলটি নেই। তাৎক্ষণিকভাবে গেটে দায়িত্বরত পুলিশকে বিষয়টি জানাই। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মাত্র এক ঘণ্টার মধ্যে আরও ৬ জন সাংবাদিক এবং জেলা প্রশাসনের ১ জন কর্মচারীসহ অন্তত ৪৫ জন দর্শক তাঁদের মোবাইল চুরির কথা পুলিশকে অবহিত করেন।”

আমার দেশ পত্রিকার সাংবাদিক এম আজিজুল ইসলাম জানান, “ইত্যাদি অনুষ্ঠানের প্রবেশ পথেই চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে নিজের মোবাইল ফোনটি খোয়া গেছে। পাস ছাড়াও অতিরিক্ত হাজারো দর্শনার্থী অনুষ্ঠানস্থলে জোরপূর্বক ঢুকে পড়ে। চরম হট্টগোল আর অতিরিক্ত ভিড়ের মধ্যে সংঘবদ্ধ পকেটমাররা অনেকের ফোন ও মানিব্যাগ চুরি করেছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে।”

এই বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল-ফারুক বলেন, “‘ইত্যাদি’ অনুষ্ঠান উপভোগের জন্য নরসিংদী ও এর আশেপাশের জেলা থেকে হাজার হাজার দর্শক এসেছেন। এর পাশাপাশি হয়তো কিছু চোরও ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে। অনুষ্ঠানে বেশ কিছু দর্শকের মুঠোফোন খোয়া যাওয়ার বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় মুঠোফোনগুলো উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button