জাতীয়বাংলাদেশ

তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে দুই পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ওয়ারেন্ট তামিল, জুয়া ও মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। গুজব ছড়িয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পুলিশের।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের সংগঠন ও মূর্খাজোত সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, তেঁতুলিয়া মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল ও এএসআই তুহিন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, এএসআই সোহেল ও তুহিন সিভিল পোশাকে মোটরসাইকেলযোগে ওই এলাকায় জুয়া, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের তথ্য সংগ্রহে যান। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ইঞ্জিনচালিত ট্রলি হঠাৎ উল্টে গেলে মানবিক কারণে তারা ট্রলিতে থাকা লোকজনকে উদ্ধারে এগিয়ে যান।

তিনি বলেন, উদ্ধারকাজ চলাকালে স্থানীয় কিছু উৎসুক জনতা ও দুষ্কৃতকারী গুজব ছড়িয়ে দেয় যে পুলিশের উপস্থিতির কারণেই ট্রলিটি দুর্ঘটনায় পড়েছে। পরে মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ওসি আরও জানান, একপর্যায়ে উত্তেজিত জনতা দুই পুলিশ সদস্যকে ঘিরে ধরে কিল-ঘুষিসহ শারীরিক হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আহত পুলিশ সদস্যরা থানায় খবর দেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি আরও জানান, আহত দুই পুলিশ সদস্যের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button