
আলোচিত শিশু রামিসার কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে তিনি রামিসার কবর জিয়ারতে আসেন।
কবরের পাশে দাঁড়িয়ে রামিসার বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে সংসদ সদস্য নিজেও আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় উপস্থিত এলাকাবাসীর অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্না করেন।
স্থানীয়রা জানান, এ ঘটনায় পুরো এলাকায় এখনো শোকের ছায়া বিরাজ করছে। রামিসার কবর জিয়ারতের সময় সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেকে নিহত শিশুটির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
সংসদ সদস্য এ সময় রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার ওসি মো.আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ নেতাকর্মী ও স্থানীয়রা।





