যশোর

যশোরে এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহের উদ্বোধন

মোঃ জুম্মান হোসেনঃ

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর সংলগ্ন শামসুল হুদা ফুটবল একাডেমি মাঠে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে এই বর্ণাঢ্য ক্রীড়া উৎসব সম্পন্ন হয়। বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে তৃণমূল পর্যায়ে ক্ষুদে ফুটবলার উন্নয়নে সম্পাদিত সহযোগিতামূলক চুক্তির ধারাবাহিকতায় প্রতিবছর এই দিবসটি পালন করা হয়ে থাকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সালো কার্লোস সেসা, পাকিস্তান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জাইন আজিজ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও আতিথেয়তা করেন শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা এবং র‍্যাডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস ও জাহেদী ফাউন্ডেশনের কর্ণধার মো. নাসের শাহরিয়ার জাহেদী। এছাড়া বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

“বাফুফের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের ফুটবল ফিফার মূল্যায়নে ব্রোঞ্জ ক্যাটাগরি থেকে সিলভার ক্যাটাগরিতে উন্নীত হয়েছে, যা দেশের ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।”

তাবিথ আউয়াল, সভাপতি, বাফুফেদিনব্যাপী এই আয়োজনে যশোর ও এর আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৭ থেকে ১৩ বছর বয়সী প্রায় ১০০ জন নারী ফুটবলারসহ মোট ৪০০ জন ক্ষুদে ফুটবলার অংশ নেয়। মাঠজুড়ে একঝাঁক শিশুর প্রাণবন্ত ফুটবল শৈলী ও উচ্ছ্বাস পুরো একাডেমি প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে পারলে সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে আসবে।” বক্তব্যের একপর্যায়ে তিনি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, যশোর অঞ্চল থেকেই তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন এবং মুক্তিকামী মানুষের সঙ্গে একাত্ম হয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন। তিনি ক্ষুদে ফুটবলারদের চমৎকার পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন এবং দেশের ফুটবল উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই ক্ষুদে ফুটবলাররাই আগামী দিনে জাতীয় দলের হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তৃণমূল পর্যায়ে ফুটবলের জোয়ার ছড়িয়ে দিতে বাফুফে এখন নিরলসভাবে কাজ করছে।” তিনি দেশের ফুটবলের একটি সুখবর দিয়ে জানান, বর্তমান কমিটির দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের ফুটবল ফিফার (FIFA) মূল্যায়নে ব্রোঞ্জ ক্যাটাগরি থেকে সিলভার ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

অনুষ্ঠানে আগত অতিথিরা ও অন্যান্য বক্তারা যশোরের ফুটবলের সামগ্রিক মানোন্নয়ন এবং তৃণমূলের খেলোয়াড় তৈরিতে শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা নাসের শাহরিয়ার জাহেদীর অনন্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের প্রতিটি জেলায় যদি এমন ক্রীড়াপ্রেমী ও মানবিক উদ্যোগ গড়ে ওঠে, তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন খুব দ্রুতই আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য বয়ে আনবে।

দেশি-বিদেশি কূটনৈতিক ও সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুপুরের পর এই সফল আয়োজনের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button