জাতীয়

লালমনিরহাট সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট কামাতটারী সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্কতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার ভোরে তিস্তা ব্যাটালিয়নের অধীন ৬১ বিজিবির পঁয়ষট্টিবাড়ি বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে পুশইনের জন্য আনা ব্যক্তিরা জিরো লাইন থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

বিজিবি ও স্থানীয়দের বরাতে জানা যায়, সীমান্তের ৮৪৬ নম্বর প্রধান পিলারের উপপিলার ১ ও ২-এর মধ্যবর্তী এলাকা দিয়ে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা ওই ১০ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়। তবে সীমান্তে বিজিবির টহল দল সতর্ক অবস্থানে থাকায় তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি।

পঁয়ষট্টিবাড়ি বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান বলেন, ভোররাতে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবির টহল দল ঘটনাস্থলে উপস্থিত থেকে তা প্রতিহত করেছে। বর্তমানে ওই ব্যক্তিরা ভারতের ভেতরে অবস্থান করছে এবং সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, কামাতটারী সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা করা হলেও বিজিবির বাধায় তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button