‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বিক্ষোভস্থলে পৌঁছালে উপস্থিত জনতা ‘ভারত মাতা কি জয়’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘জয় ভীম’ স্লোগানে তাকে স্বাগত জানায়।

ককরোচ জনতা পার্টি অভিযোগ করে জানায়, দেশের বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধান ‘সরাসরি দায়ী’। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

যুক্তরাষ্ট্র থেকে শনিবার ভোরে দিল্লিতে পৌঁছান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। দিল্লি পুলিশ তাকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে।

বিক্ষোভকে ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের বাইরেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসময় বিক্ষোভকারীদের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে ধর্মেন্দ্র প্রধানের নাম উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যের পর অনলাইনে ব্যঙ্গধর্মী আন্দোলন হিসেবে ‘ককরোচ জনতা পার্টির’ যাত্রা শুরু হয়। এক শুনানিতে প্রধান বিচারপতি এক শ্রেণির তরুণকে তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন। সেই মন্তব্যকে কেন্দ্র করেই গড়ে ওঠে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন।

সময়ের সঙ্গে আন্দোলনটি বিভিন্ন পরিচিত ব্যক্তির সমর্থন পেয়েছে। তাদের মধ্যে রয়েছেন দেশটির শিক্ষা সংস্কারক ও জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক, চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী সোনাক্ষি সিনহা, দিয়া মির্জা, ফাতিমা সানা শেখ সহ অনেকেই।

Exit mobile version