জাতীয়

কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে মো. ইনতিসার হাসনাত জিমেল (২৩) নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে শহরের বন্দুকভাঙ্গা এলাকার বালুরচর পয়েন্টে এই ঘটনা ঘটে।

নিহত জিমেল চট্টগ্রাম ডিওএইচএস এলাকার বাসিন্দা ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ সময় তার সঙ্গে থাকা অন্য তিন সহপাঠী হলেন- ওয়াসি, শোভা ও হুমাইরা।

স্থানীয় সূত্রে জানা যায়, চার সহপাঠী মিলে নৌকা ভাড়া করে কাপ্তাই হ্রদে ঘুরতে বের হন। বিকেল ৪টার দিকে তারা বালুরচর এলাকায় বোট নোঙর করে গোসল করতে পানিতে নামেন। একপর্যায়ে জিমেল তলিয়ে যেতে শুরু করলে তার সহপাঠীরা চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

নৌকার মাঝি তরুণ চাকমা বলেন, আমি দুপুর দেড়টার দিকে তাদের রাজবাড়ি ঘাট থেকে নিয়ে বের হই। বিকেলে বালুরচরে তারা যখন পানিতে নামতে চায়, আমি তখন তাদের জিজ্ঞেস করেছিলাম- আপনারা সাঁতার জানেন কি না? তারা উত্তরে বলেছিল, জানে। এরপর আমি নৌকায় ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গিয়ে দুইজনকে উদ্ধার করতে পারলেও জিমেলকে আর পাওয়া যায়নি।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস বলেন, সংবাদ পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। পরবর্তীতে উদ্ধারকৃত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button