বরিশাল

পায়রা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

ঢাকা থেকে বরগুনায় নানাবাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে জুঁই আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। স্বজনদের সঙ্গে নদীতে গোসলের সময় জোয়ারের স্রোতে তলিয়ে যায় সে। জুঁই রাজধানীর মিরপুর এলাকার জনি চৌধুরীর মেয়ে এবং দশম শ্রেণির শিক্ষার্থী।

রোববার (১৬ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, ছুটিতে ঢাকা থেকে বরগুনায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল জুঁই। রোববার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে লতাকাটা এলাকায় পায়রা নদীতে গোসল করতে নামে সে। সাঁতার ভালোভাবে না জানায় একপর্যায়ে জোয়ারের পানির তীব্র স্রোতে নদীর গভীরে তলিয়ে যায় জুঁই।

স্বজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজ কিশোরীর সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button