ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

বরিশালের বাকেরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কৃত শাওন খান উপজেলার ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের দোলন খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৫ আগস্ট) রাতে এ সিদ্ধান্ত জানানো হয়।
শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে একটি কক্ষের খাটের পাশে বসে এক ব্যক্তিকে ইয়াবা সেবন করতে দেখা যায়। ওই ভিডিওতে থাকা ব্যক্তিকে শাওন খান বলে দাবি করা হয়। তবে ভিডিওটির উৎস, ধারণের সময় ও স্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই ভিডিওটি নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ও অন্যান্য মাধ্যমে শেয়ার করেন। পরে বিষয়টি উপজেলা ছাত্রদল নেতাদের নজরে আসে। এরপর দলীয়ভাবে শাওন খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি-আদর্শের পরিপন্থি এবং সাংগঠনিক বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেছেন শাওন খান। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার নয়, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। শাওন খান বলেন, গত ১৪ আগস্ট বৃহস্পতিবার সংসদ সদস্য আবুল হোসেন খানের বাসায় একটি অনুষ্ঠানে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই একটি পক্ষ তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। এর অংশ হিসেবে এআই ব্যবহার করে ভিডিওটি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার বলেন, ভিডিওটি আমাদের হাতে এসেছে। বিষয়টি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর দলে কোনো স্থান নেই। জেলার নির্দেশে শাওনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলা ম্যাগাজিনএআর





