অনেক এমপির সঙ্গে এলাকায় দলের দূরত্ব, ঐক্য রাখতে হবে সংসদীয় দলের সভায় এমপিদের সতর্ক করে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেক সংসদ সদস্যের সঙ্গে এলাকায় দলের দূরত্ব তৈরি হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই এ দূরত্ব সৃষ্টি হতে দেওয়া যাবে না। গতকাল বুধবার সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় এমপিদের তিনি এ ব্যাপারে সতর্ক করেন। বৈঠকে উপস্থিত থাকা বিএনপির একাধিক সংসদ সদস্য গণমাধ্যমকে এ তথ্য জানান।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে অনুষ্ঠিত দলের সংসদীয় দলের সভায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেওয়ার জন্য দলীয় এমপিদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। বিশেষ করে, সাংগঠনিক ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বেলা ২টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে স্বাগত বক্তব্য দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। চিফ হুইপের পর বক্তব্য রাখেন বিএনপির বিদায়ি মহাসচিব ও রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য দিতে গিয়ে তিনি একাধিকবার কেঁদে ফেলেন। সংসদ সদস্য ও দলীয় নেতা হিসেবে দেওয়া এই শেষ বক্তব্যে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এরপর বক্তব্য দিতে গিয়ে আজকের রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজ ঐতিহাসিক একটি দিন। অনেক মূল্য দিয়ে আমরা আজ এ জায়গায় এসেছি। এজন্য তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকলে রাষ্ট্রের সর্বত্র জবাবদিহি প্রতিষ্ঠা হবে। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি অপরিহার্য—এ বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর ধরে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত। দলের দুঃসময়ে অসীম সাহসিকতার সঙ্গে তিনি দলের হাল ধরেছেন, কখনো হাল ছাড়েননি, তাকে কারাবন্দিও করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে সেই সময়ে আমাকে দেশের বাইরে থাকতে হয়েছে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেনসহ দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।





