প্রবাদ ভেঙে স্পর্শিয়া বললেন: আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো!

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জীবনের নানা মুহূর্ত ও নিজের ভাবনা প্রায়ই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকেও নিয়মিত ভ্রমণ, শিল্প ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের একটি ছবি পোস্ট করেছেন স্পর্শিয়া। ছবিতে তাকে একটি সোফায় বসে থাকতে দেখা যায়। পরনে লাল টপ ও বাদামি প্যান্ট। মুখে ছিল তার চিরচেনা মিষ্টি হাসি।

ছবিটির সঙ্গে নিজের একটি ভাবনাও ভাগ করে নিয়েছেন কাঠবিড়ালী’খ্যাত এই অভিনেত্রী। তিনি লিখেছেন, তারা বলে, ঝাঁপ দেওয়ার আগে দু’বার ভাবো। আমি বলি, আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো।

বাংলায় যুগ যুগ ধরে প্রচলিত একটি প্রবাদ হলো ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। অর্থাৎ, কোনো কাজ করার আগে তার ভালো-মন্দ বিবেচনা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ কাজটি হয়ে যাওয়ার পর অনেক ক্ষেত্রেই আর কিছু করার থাকে না। তবে স্পর্শিয়ার ভাবনায় রয়েছে ভিন্ন এক দৃষ্টিভঙ্গি। তার কথায় যেন ফুটে উঠেছে জীবনের অনিশ্চয়তা, সাহস আর রোমাঞ্চকে উপভোগ করার মানসিকতা।

স্পর্শিয়ার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন। তাই বছরের একটি বড় সময় সেখানেই কাটান তিনি। প্রবাসজীবনে ঘোরাঘুরির পাশাপাশি শিল্প ও সংস্কৃতির নানা আয়োজনও উপভোগ করছেন এই অভিনেত্রী।

এদিকে, অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন স্পর্শিয়া। তাকে বর্তমানে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ দেখা যাচ্ছে। নাটকটিতে তার সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ আরও অনেকে।

Exit mobile version