অপেক্ষার অবসান: রায়হান রাফীর ‘আন্ধার’-এর পোস্টার প্রকাশ্যে, মুক্তি অক্টোবরে

অবশেষে অপেক্ষার অবসান। কিছু লুক প্রকাশের পর এবার রায়হান রাফীর বহুল আলোচিত সিনেমা ‘আন্ধার’-এর প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে নিজের ফেসবুক পেজে পোস্টারটি প্রকাশ করে নির্মাতা জানিয়েছেন, আগামী অক্টোবরেই প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। পোস্টের ক্যাপশনে রাফী লিখেছেন, ‘অপেক্ষা নয় আর, ধেয়ে আসছে আন্ধার’।

‘আন্ধার’ নিয়ে এর আগে একের পর এক চরিত্রের আনঅফিসিয়াল লুক প্রকাশ করে দর্শকদের আগ্রহ বাড়িয়েছেন রাফী। নাজিফা তুষি, আফসানা মিমি, সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও মোস্তফা মনোয়ারের চরিত্রের ঝলক দেখিয়েছেন তিনি। এর মধ্যে সিয়ামকে দেখা যাবে গোয়েন্দা দেলোয়ার চরিত্রে, নাজিফা তুষি নাদিয়া এবং মোস্তফা মনোয়ার মনোয়ার চরিত্রে অভিনয় করছেন।

সিনেমাটির গল্প তৈরি করেছেন অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন, ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এটি অতিপ্রাকৃত ঘরানার সিনেমা হলেও গল্পে রহস্য, থ্রিলার, খুন ও আবেগের মিশেল রয়েছে।

দেলোয়ার-মনোয়ার জুটি নিয়েও রাফীর আগের পোস্টে ছিল বিশেষ আগ্রহ। মনোয়ার চরিত্র নিয়ে তিনি লিখেছিলেন, চরিত্রটি ‘প্রচণ্ড স্ট্রেইট ফরোয়ার্ড’, তবে মাঝেমধ্যে নিজের জগতে হারিয়ে যায়। দেলোয়ার-মনোয়ারের সম্পর্ককে শার্লক হোমস-ডক্টর ওয়াটসন কিংবা ফেলুদা-তোপসের সঙ্গে তুলনা করে রাফী বলেন, “এই জুটি মনে করিয়ে দেয়—হিরোর জার্নিতে আরেকজন হিরো থাকে, অন্তরালে।”

সিয়ামকে দেলোয়ার চরিত্রে নেওয়া প্রসঙ্গে রাফী লিখেছেন, “আমি সবসময় চেষ্টা করি আমার ছবির নায়কদের আলাদা আলাদা মানুষ হিসেবে দাঁড় করাতে। পোড়ামন ২, সুড়ঙ্গ, তুফান, তাণ্ডব—একটার নায়কের সঙ্গে আরেকটার কোনও মিল পাবেন না। কিন্তু এতদিনেও একেবারে ক্লাসিক হিরোয়িক চরিত্র নিয়ে কাজ করা হয়নি। আন্ধার আমাকে সেই সুযোগ দিয়েছে।”

রাফীর ভাষ্য, “বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একজন নায়ক—যে শারলক হোমস বা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যে মানুষের পাশে দাঁড়ায় শুধু এই কারণে যে মানুষটা বিপদে। এর পেছনে তার কোনও ব্যক্তিগত লাভ নেই, কোনও প্রতিশোধ নেই। এই ধরনের চরিত্র আমাদের গল্পে খুব একটা দেখা যায় না। আন্ধার করতে গিয়ে মনে হয়েছে, আমাদের এমন নায়ক খুব দরকার।”

প্রথম অফিসিয়াল পোস্টারে অক্টোবরের মুক্তির ঘোষণা আসায় এখন অপেক্ষা শুধু প্রেক্ষাগৃহে ‘আন্ধার’ নামার। একের পর এক প্রকাশিত লুকের রহস্য পেরিয়ে এবার দর্শকদের সামনে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

Exit mobile version