‘ব্যাচেলর পয়েন্ট’ তারকা পলাশের প্রেম ভেঙেছিল মায়ের আপত্তিতে: জানালেন অভিনেতা

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। ধারাবাহিকটির গল্পে মেয়েদের সঙ্গে তাকে ফ্লার্ট করতে দেখা গেলেও তার বাস্তব জীবনটা ভিন্নরকম। ব্যক্তিগত জীবনে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু পরিবারের অসম্মতির কারণে সেই প্রেম পূর্ণতা পায়নি। পারিবারিক আয়োজনে নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করে সংসারে থিতু হয়েছেন।
কিছুদিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত জিয়াউল হক পলাশ। এ আলাপচারিতার সঞ্চালক জানতে চান—আপনার একটি প্রেম ছিল। সেখান থেকে বের হয়ে কিছুটা ব্যাকা হয়ে গিয়েছিলেন। জানতে পেরেছি—আপনার মা চাননি বলে আপনাদের সম্পর্কটি বেশি দূর আগায়নি। এসব কথার পরিপ্রেক্ষিতে জিয়াউল হক পলাশ সংক্ষেপে বলেন, “এটা খুব টাফ টাইম ছিল।”
বিষয়টি ব্যাখ্যা করেছেন জিয়াউল হক পলাশ। তিনি বলেন, “আমার বর্তমান স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ। আমার মা তাকে ছোটবেলা থেকেই খুব পছন্দ করতেন। মেহনাজ সম্পর্কে আমাদের আত্মীয়। আমার মায়ের ফুফাতো বোনের মেয়ে। থাকে না, পরিবারের কোনো একটি মেয়ে খুব আদরের, ও সেরকম আরকি! আমি ওকে ছোটবেলা থেকেই দেখতাম।”
প্রাক্তন প্রেমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জিয়াউল হক পলাশ বলেন, “আসলে ওই সময়টা খুব কঠিন ছিল। ওই সময়টার কথঅ মনে করতে গেলেও কষ্ট লাগে। কিন্তু সম্মানটা ছিল বিধায় এই পর্যন্ত আসতে পেরেছি। আমি তার (প্রাক্তন প্রেমিকা) প্রতিও কৃতজ্ঞ। কারণ সেও বিষয়টিকে সম্মান করেছে।” জিয়াউল হক পলাশ কার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন, তা অবশ্য জানাননি।
স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ ও জিয়াউল হক পলাশ দম্পতি এখন দুই সন্তানের মা-বাবা
২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ। ২০২৩ সালের জুলাই মাসে প্রথম পুত্রসন্তানের বাবা হন। তাদের প্রথম সন্তানের নাম রাখেন মোহাইমিনুল হক আহান। চলতি বছরের ফেব্রুয়ারিতে কন্যাসন্তানের বাবা হন এই তারকা।
২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে যুক্ত হন পলাশ। পরবর্তীতে অভিনয়ে মনোযোগী হয়ে ওঠেন। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সাফল্যের পর তার ক্যারিয়ারে নতুন মোড় আসে। অভিনয়ের পাশাপাশি নাটক ও টিভিসি নির্মাণেও মাঝে মাঝে সক্রিয় দেখা যায় এই অভিনেতা-নির্মাতাকে।







