সাভারে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৯ জন

সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৯ জনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ব্যক্তিরা আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় সাভার সদর ইউনিয়নের কলমা ঢাল এলাকার ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে।

আটক ৯ জন হলেন- আশুলিয়ার খেজুরবাগান এলাকার মাহফুজ ও ইয়াছিন, টঙ্গাবাড়ী এলাকার নাজমুল ব্যাপারী, শুটিংবাড়ী এলাকার মাহিম খান, ঠাকুরপাড়া এলাকার ইয়াছিন, আসিফ ও শান্ত এবং আশুলিয়া বাজারপাড়ার রাব্বি ও নাঈম।

স্থানীয়দের দাবি, প্রায় ২০ থেকে ৩০ জন তরুণ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সড়কে ঝটিকা মিছিল বের করেন। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েকজনের বয়স কম হওয়ায় তাদের জন্মনিবন্ধন যাচাই এবং অভিভাবকদের থানায় ডাকা হয়েছে।

Exit mobile version