তৃতীয়বার মা হচ্ছেন কারিনা? ভাইরাল ভিডিও ও গুঞ্জনের আসল সত্য

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের পরনে কালো রঙের পোশাক। হেঁটে গাড়ির দিকে যাচ্ছেন তিনি। বাইরে টিপটিপ বৃষ্টি ঝরছে। তার মাথার ওপরে ছাতা ধরে রেখেছেন তারই টিমের একজন সদস্য। কারিনার স্ফিত পেট পুরোপুরি দৃশ্যমান। এরপর ছাতা দিয়ে এ অভিনেত্রীকে আড়াল করে গাড়িতে তোলা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর জোর গুঞ্জন উড়ছে—ফের মা হতে যাচ্ছেন কারিনা। অমল নামে একজন লেখেন, “তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছেন কারিনা।” মীম লেখেন, “কারিনা কী অন্তঃসত্ত্বা?” আরেকজন লেখেন, “তাকে দেখে মনে হচ্ছে, সে অন্তঃসত্ত্বা।” কারিনার মা হতে যাওয়ার পেছনে দুটো যুক্তি দাঁড় করিয়েছেন নেটিজেনরা। এক. কারিনার স্ফিত পেট বলছে এটি বেবি বাম্প। দুই. অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ছাতা দিয়ে কারিনাকে পাপারাজ্জিদের ক্যামেরা থেকে আড়াল করা হয়েছে।

কারিনার মা হতে যাওয়ার চর্চায় নেটিজেনরা মুখর থাকলেও একটি শব্দও ব্যয় করেননি কারিনা কিংবা সাইফ আলী খান। তবে কারিনার ঘনিষ্ঠ একজনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে হিন্দুস্তান টাইমস সিটি। এই গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, “কারিনা অন্তঃসত্ত্বা নন। খবরটি সত্য নয়।”

গত ১৬ আগস্ট ছিল সাইফ আলী খানের ৫৬তম জন্মদিন। স্ত্রী-সন্তানদের নিয়ে সমুদ্রসৈকতে বিশেষ দিনটি উদযাপন করেন এই তারকা অভিনেতা। তার কিছু মুহূর্ত কারিনা কাপুর খান তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

২০১২ সালে সাইফ আলী খানের সঙ্গে কারিনা কাপুরের বিয়ে হয়। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। দ্বিতীয় পুত্রের নাম রেখেছেন জাহাঙ্গীর আলী খান।

দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার পর ভোগ ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেন কারিনা কাপুর। এ আলাপচারিতায় আর সন্তান না নেওয়ার ইঙ্গিত দেন। কারিনা কাপুর খান বলেছিলেন, “সাইফ প্রতি দশকেই একটি করে সন্তান পেয়েছে—বিশের কোঠায়, ত্রিশের কোঠায়, চল্লিশের কোঠায় এবং পঞ্চাশের কোঠায়। আমি ওকে বলেছি, ষাটের কোঠায় গিয়ে সেটা আর হবে না।”

সাইফ আলী খানের প্রথম স্ত্রী অমৃতা সিং। এ সংসারে সাইফের আরো দুটো সন্তান রয়েছে। তারা হলো—সারা আলী খান ও ইব্রাহিম আলী খান। অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর কারিনার সঙ্গে ঘর বাঁধেন এই অভিনেতা।

Exit mobile version