কঙ্গনার সঙ্গে বিরোধ নিয়ে তাপসী: ‘তার সঙ্গে আমার কখনো দেখাই হয়নি’, রাজনীতিতেও আসছেন না

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে দীর্ঘদিনের প্রকাশ্য বিরোধ নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তিনি জানিয়েছেন, এত আলোচনা ও বিতর্কের পরও কঙ্গনার সঙ্গে তার কখনো দেখা হয়নি। একইসঙ্গে, রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন এই অভিনেত্রী।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া টুডে উইমেন সামিট ২০২৬’-এ অংশ নেন তাপসী পান্নু। পূজা শালির সঞ্চালনায় ‘শাবাশ তাপসী! ফ্রম ‘শাবানা’ টু ‘গান্ধারী’, সেলিব্রেটিং উইমেন উইথ গাটস অ্যান্ড গ্লোরি’ শীর্ষক অধিবেশনে তাকে কঙ্গনার সঙ্গে পুরোনো বিরোধ মিটেছে কি না, তা নিয়ে প্রশ্ন করা হয়।
জবাবে তাপসী বলেন, “এখন তো অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। আপনি কোনটার কথা বলছেন?”
তিনি আরো বলেন, “আমি তার সঙ্গে কখনো দেখা করিনি। এসব কথিত সমস্যা শুরু হওয়ার আগেও আমাদের দেখা হয়নি। এখনো তার সঙ্গে আমার দেখা হয়নি।”
কঙ্গনাকে নিয়ে নিজের মতামত সম্পর্কে তাপসী বলেন, “তাকে নিয়ে আমার মতামত আমার বেড়ে ওঠা, কথা বলার ধরন এবং বিষয়গুলোকে দেখার দৃষ্টিভঙ্গি থেকেই এসেছে। তার ভাবনা ও দৃষ্টিভঙ্গি তার নিজের। তাই কে কীভাবে বেড়ে উঠেছে, তা সবাই নিজের মতো করে দেখুক এবং সিদ্ধান্ত নিক—আমার মনে হয় সেটাই যথেষ্ট।”
তাপসী ও কঙ্গনার বিরোধ
রাজনীতিতে আসা প্রসঙ্গে যা বলছেন তাপসী
তাপসীকে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি সেই সম্ভাবনা নাকচ করে দেন। তাপসী বলেন, “আমি এ ধরনের রাজনীতির জন্য অতিরিক্ত সৎ ও স্পর্শকাতর। এছাড়া, আমি আরো কয়েকটি সিনেমায় কাজ করতে চাই। রাজনীতিতে যোগ দেওয়ার কথা আমি একেবারেই ভাবছি না। এটার জন্য আমার স্বভাব বা মানসিকতাও নেই।”
রাজনৈতিক বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশের কারণও ব্যাখ্যা করেন তাপসী। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, একজন শিক্ষিত নাগরিক হিসেবেই তিনি এসব বিষয়ে কথা বলেন। তাপসী জানান, “আমি এই দেশের একজন শিক্ষিত নাগরিক।”
ছোটবেলার পড়াশোনার কথা উল্লেখ করে তিনি বলেন, “মানুষ যখন আমাকে জিজ্ঞেস করে, “তুমি এটা কেন বলো না? অথবা তুমি এভাবে কেন ভাবো না? তখন আমি বলি, ছোটবেলায় আমার নাগরিকবিদ্যা নামে একটি বিষয় ছিল। আর দুঃখিত, আমি ক্লাসে সামনের সারিতে বসতাম, বই পড়তে ভালোবাসতাম এবং পড়াশোনা করতাম।”
তাপসীর ভাষ্য, ছোটবেলায় যা শেখানো হয়েছিল, সেটাকেই তিনি সত্য বলে বিশ্বাস করে বড় হয়েছেন। কিন্তু, বাস্তব জীবনে পরে যা দেখেছেন, তার সঙ্গে সেই শিক্ষার পার্থক্যই তাকে নিজের মতামত প্রকাশে উৎসাহিত করেছে।
তাপসীর নতুন সিনেমা ‘গান্ধারী’
কাজের দিক থেকে তাপসীকে পরবর্তী সময়ে দেখা যাবে ‘গান্ধারী’ সিনেমায়। দেবাশিস মাখিজা পরিচালিত এই প্রতিশোধের গল্পের সিনেমাটি আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তাপসীর সঙ্গে অভিনয় করেছেন ইশওয়াক সিং।
কণিকা ধিল্লন সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন এবং তর প্রযোজনা প্রতিষ্ঠান কথা পিকচার্সের ব্যানারে এটি নির্মিত হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ছায়া কদম, স্বস্তিকা মুখার্জি, মিতা বশিষ্ঠ ও যতীন সারনা।
‘গান্ধারী’ সিনেমার গল্প এক মাকে ঘিরে, যিনি সন্তানকে রক্ষা করতে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন।
ইন্ডিয়া টুডে অবলম্বনে





