ইসরাইলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী; নিরাপত্তা আলোচনা স্থগিতের ঘোষণা

ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। কবে আবার আলোচনা শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ হয়নি।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শাইবানি বলেন, ‘এই মুহূর্তে আমরা ইসরাইলকে বিশ্বাস করি না।’ চলতি সপ্তাহের শুরুতে সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরাইল হামলা চালানোর পর দুই দেশের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায় বলেও জানান তিনি।
শাইবানি বলেন, দামেস্ক আশা করছে, শিগগিরই ইসরাইলের সঙ্গে আলোচনা আবার শুরু হবে। এ জন্য যুক্তরাষ্ট্রও ইসরাইলের ওপর চাপ অব্যাহত রেখেছে।
তার ভাষায়, ওয়াশিংটন ‘ইসরাইলকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে চাপ দিচ্ছে’।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করার সামরিক কৌশলেরও সমালোচনা করেন।
তার মতে, সামরিক শক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে ইসরাইল সফল হয়নি।
শাইবানি বলেন, ‘ইসরাইল শক্তি প্রয়োগের মাধ্যমে নিজেদের নিরাপত্তা ধরে রাখার চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হয়নি।’
তিনি বলেন, এর বিপরীতে সিরিয়া সমঝোতা, শান্তি ও কূটনীতির জন্য হাত বাড়িয়ে দিয়েছে।





