বিজ্ঞান ও প্রযুক্তি

কিশোরদের জন্য চ্যাটজিপিটি: ওপেনএআইয়ের নতুন সংস্করণে কী কী সুবিধা?

কিশোর-কিশোরীদের কথা মাথায় রেখে চ্যাটজিপিটির বিশেষ সংস্করণ চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। নতুন এই সংস্করণে কিশোরদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, ব্যবহার নিয়ন্ত্রণ এবং অভিভাবকের নজরদারির সুযোগ রাখা হয়েছে।

মঙ্গলবার ‘চ্যাটজিপিটি ফর টিনস’ নামে নতুন এই সংস্করণ চালুর ঘোষণা দেয় ওপেনএআই। ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীরা নিবন্ধনের সময় বয়স উল্লেখ করলে স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টে কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থা চালু হবে। কোনো ব্যবহারকারী বয়স উল্লেখ না করলেও ব্যবহারের ধরন বা অ্যাকাউন্টের বয়সের ভিত্তিতে তাকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে শনাক্ত করা হলে একই ব্যবস্থা কার্যকর করতে পারবে প্রতিষ্ঠানটি।

কিশোরদের অ্যাকাউন্টে আত্মহানি, সহিংসতা, খাদ্যাভ্যাসজনিত ব্যাধি এবং স্পষ্ট যৌন বিষয়বস্তু নিয়ে আগে থেকেই বিভিন্ন বিধিনিষেধ ছিল। নতুন সংস্করণেও এসব নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

এর পাশাপাশি নিয়মিত বিরতি নেওয়ার জন্য স্মরণ করিয়ে দেওয়া, নির্দিষ্ট সময়ে ‘নীরব সময়’ এবং পড়াশোনার জন্য বিশেষ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। ‘স্টাডি মোডে’ সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রশ্নের মাধ্যমে বিষয়টি বুঝতে সহায়তা করবে চ্যাটজিপিটি।

কিশোরদের সঙ্গে কথোপকথনের ক্ষেত্রেও রাখা হয়েছে বেশ কিছু সীমাবদ্ধতা। চ্যাটবট ব্যবহারকারীকে এমন ধারণা দিতে পারবে না যে তার ব্যক্তিগত অনুভূতি রয়েছে। একইভাবে নিজের চেতনা রয়েছে—এমন ধারণাও তৈরি করতে পারবে না। এ ছাড়া কণ্ঠস্বরভিত্তিক কিছু সুবিধা বন্ধ রাখা হয়েছে।

অভিভাবকদের জন্যও রাখা হয়েছে বিশেষ সুবিধা। তারা চাইলে নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে সন্তানের অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। আত্মহানি বা আত্মহত্যার মতো উচ্চঝুঁকির বিষয় নিয়ে আলোচনা হলে অভিভাবকদের সতর্কবার্তা পাঠানো হবে।

কিশোরদের জন্য বিশেষ এই সংস্করণ এমন সময়ে চালু হলো, যখন শিশু ও কিশোরদের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের সম্ভাব্য প্রভাব নিয়ে আইনি ও নিয়ন্ত্রক চাপ বাড়ছে।

এদিকে শিশু ও কিশোরদের সঙ্গে ডিজিটাল সঙ্গী হিসেবে কাজ করা কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটগুলোর সম্ভাব্য ঝুঁকি নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন। একই সঙ্গে চ্যাটবট নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একাধিক বিল উত্থাপিত হয়েছে।

ক্যালিফোর্নিয়াতেও সঙ্গী বা ব্যক্তিগত পরামর্শদাতা হিসেবে কাজ করা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার জন্য নিরাপত্তাব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে, কিশোরদের ব্যবহারের ঝুঁকি বিবেচনায় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহারে প্রাপ্তবয়স্কদের জন্য সীমাবদ্ধতা আরোপের পথ বেছে নিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button