ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বললেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা ও সুস্পষ্ট নীতিমালা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, কোনও কাজ স্থবির হয়ে থাকলে অতি দ্রুত তা সমাধানের উদ্যোগ নেয়া হবে। রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রীর দেয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেয়া হবে।
তিনি বলেন, সব ধর্ম ও মতের মানুষ যেন নিজ নিজ জায়গা থেকে কথা বলতে পারেন, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সুখী, সমৃদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।
ওলামায়ে কেরামদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে যত বেশি যোগাযোগ হবে, ততই ভুল বোঝাবুঝি থাকলে তা নিরসন হবে।
