রাশেদ খাঁন: ১৮ বছরের লুটপাট-অব্যবস্থাপনায় জ্বালানি সংকট, সরকারের দুঃখ প্রকাশ

বিগত ১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনার কারণেই দেশে আজ গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেও কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় এই সংকটের ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে।

রোববার সকালে ঝিনাইদহের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বর্তমান সংকটের টেকসই সমাধানের চেষ্টা চলছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, মহেশখালীতে একটি গ্যাস টার্মিনাল বিকল হয়ে থাকার কারণে বর্তমান তীব্র সংকট দেখা দিয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সঠিক নিয়মে এই টার্মিনাল তৈরি করা হয়নি। এমনকি সে সময় যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছিল, সেগুলোর মধ্যে মারাত্মক দুর্নীতি ছিল। ফলে কোনো প্রকল্পই স্থায়ী ও দীর্ঘমেয়াদি সুফল দিতে পারছে না।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সবার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে স্থায়ীভাবে এ সংকট থেকে উত্তরণের চেষ্টা করছে। অতীতে কোনো সরকার যা করেনি, বর্তমান সরকার এই অনাকাঙ্ক্ষিত সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছে।

বিরোধী দলের রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্র গঠনে বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও তারা সে দায়িত্ব সঠিকভাবে পালন করছে না।

তবে দলীয় লক্ষ্য নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বিএনপি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু জামায়াত শরিয়া আইন প্রতিষ্ঠার নামে মোনাফেকি করছে। বাংলাদেশের জনগণ মোনাফেকির রাজনীতি পছন্দ করে না। তাই জামায়াতের উচিত বিএনপির কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগে সহযোগিতা করা।

আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁন সাফ জানান, স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে, এখানে বিরোধী প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই।
সংবর্ধনা অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল মজিদ, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version