বিনোদন

অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলার বিয়ে: দীর্ঘ লিভ-ইন সম্পর্কের ইতি

দীর্ঘ সাত বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে বাগদান সারেন ৫৩ বছর বয়েসি বলিউড অভিনেতা অর্জুন রামপাল। বাগদান সারলেও বিয়ে করবেন কি না, তা চূড়ান্ত ছিল না। তারপর কেটে গেছে প্রায় এক বছর। সব সংশয়ের ইতি টেনে এবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা যুগল।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২১ আগস্ট, ভারতের গোয়ার উত্তর গোয়া জেলার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই দম্পতি।

সাব-রেজিস্ট্রার সুরাজ ভেরনেকর পিটিআই-কে বলেন, “গোয়ার ইউনিফর্ম সিভিল কোড (সর্বজনীন দেওয়ানি বিধি) অনুযায়ী তাদের বিয়ে নিবন্ধিত হয়েছে।”

১৪ বছরের ছোট গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে নিয়ে পানাজির কাছে অবস্থিত সুকোরো গ্রামে বসবাস করছেন অর্জুন রামপাল। গত ২১ আগস্ট, বিকাল ৪টার দিকে সাধারণ পোশাক পরে রেজিস্ট্রি অফিসে পৌঁছান অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা।

সুরাজ ভেরনেকর বলেন, “স্থানীয় আইন অনুযায়ী বিয়ের প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের বাধ্যতামূলক সময়সীমা রয়েছে, তা মওকুফের জন্য স্থানীয় আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটরের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়েছেন তারা। ১৫ দিন পর এ দম্পতির হাতে বিয়ের সনদ তুলে দেওয়া হবে।”

গত বছরের ডিসেম্বরে রিয়া চক্রবর্তীর পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাগদানের ঘোষণা দেন। কেবল তাই নয়, গ্যাব্রিয়েলার সঙ্গে পরিচয়, প্রেমে পড়ার কারণ ও বিয়ে নিয়েও কথা বলেছিলেন তারা।

এ বিষয়ে অর্জুন রামপাল বলেন, “ও (গ্যাব্রিয়েলা) আবেদনময়ী এজন্য আমি ওর পিছু নিয়েছিলাম। পরে বুঝতে পারি, শুধু হটনেসের বাইরেও আরো অনেক কিছু ওর মধ্যে আছে।”

এরপর গ্যাব্রিয়েলা বলেন, “আমরা এখনো বিয়ে করিনি, কিন্তু তা কে জানে?” তারপরই অর্জুন রামপাল বলেন, “আমরা বাগদান সম্পন্ন করেছি।”

১৯৯৮ সালে বাঙালি মডেল মেহের জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। এ সংসারে মাহিকা রামপাল এবং মায়রা রামপাল নামে দুই কন্যা সন্তান রয়েছে। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে মেহের-অর্জুনের।

২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে পরিচয় হয় অর্জুন রামপালের। পরবর্তীতে তা বন্ধুত্ব এবং প্রেমে রূপ নেয়। এরপর লিভ-ইন করার সিদ্ধান্ত নেন তারা। ২০১৯ সালে অর্জুন রামপালের সন্তানের মা হন গ্যাব্রিয়েলা। প্রথম সন্তানের নাম রেখেছেন অরিক রামপাল। এর ৪ বছর পর তাদের জীবনে আসে দ্বিতীয় পুত্রসন্তান। আট বছর লিভ-ইনে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অর্জুন-গ্যাব্রিয়েলা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button