২৫ আগস্ট যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের, আসছে আধুনিক সিলেট

আগামী ২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।
আজ রবিবার (২৩আগস্ট) সকালে সিউকের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এতথ্য জানান সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
নবগঠিত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সিউক -এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আগামী ২৫ আগষ্ট ২০২৬ মঙ্গলবার সাড়ে বারো টায় নগরীর নাইওরপুলস্থ (ফরচুন গার্ডেনে) অবস্থিত সিউকের অস্থায়ী কার্যালয়ে সংস্থার আনুষ্ঠানিক কার্যক্রম ও কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের, এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংবাদ সম্মেলনে সিউক চেয়ারম্যান আর-ও জানান, ২১ সদস্য বিশিষ্ট এই কর্তৃপক্ষের অধীনে সিলেট মহানগরীর ৭৯.৫ বর্গকিলোমিটারসহ সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ এই ৪টি উপজেলা নিয়ে প্রায় ৯৯৫ বর্গকিলোমিটার এলাকাকে অধিক্ষেত্র হিসেবে ঘোষণার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিলেটের পাহাড়, টিলা, নদী ও খাল ইত্যাদি প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মতো পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যেই সিউকের রাজস্ব খাতে ৬৭টি ক্যাটাগরিতে ৭১৪টি পদ সৃজনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে প্রকৌশলী, স্থপতি, কারিগরি প্রতিষ্ঠান ও রিয়েল এস্টেট ডেভেলপারদের তালিকাভুক্তির কাজ চলছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে চেয়ারম্যান জানান, সিউকে দ্রুত সেবা প্রদানে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ স্থাপন, নিম্ন আয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণ, সিলেট-তামাবিল ও বাদাঘাট জেল রোড সংলগ্ন আবাসিক এলাকার উন্নয়ন, সংযোগ সড়ক ও ফ্লাইওভার নির্মাণসহ পরিবেশবান্ধব ‘গ্রীণ বিল্ডিং’ নীতিমালা বাস্তবায়ন করা হবে।






