নাহিদ ইসলাম: ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি চরমে, সরকার করছে প্রতারণার রাজনীতি

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রোববার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বললেন, বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডে চরম অব্যবস্থাপনা ও অপরিকল্পনার কারণে জনভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে।
নাহিদ ইসলাম বলেন, সরকার ব্যর্থতাকে স্বীকার না করে বরং ১৮০ দিনের একটা সাফল্যমণ্ডিত চিত্র তারা দেখানোর চেষ্টা করছে, যা একেবারেই জনগণের সঙ্গে প্রতারণা। যে প্রতারণার রাজনীতি আমরা অতীতে আওয়ামী লীগকে করতে দেখেছি, এখন সে একই প্রতারণার রাজনীতি বিএনপি সরকার জনগণের সঙ্গে করছে।
এর আগে সেখানে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ বাস্তবায়নসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে এসময় আলোচনা করা হয়।
নাহিদ ইসলাম বলেন, আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে, জনগণের সঙ্গে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে কাজ শুরু করা উচিত এবং জ্বালানি ও আইন শৃঙ্খলা ইস্যুতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা জাতীয় নীতি প্রণয়ন করা উচিত।
এনসিপি আহ্বায়ক বলেন, সরকার বলেছিল যে, তারা এক কোটি কর্মসংস্থান করবে। তো ছয় মাস গিয়েছে, তারা কিন্তু কোনো কর্মসংস্থান করতে পারেনি। চাকরি পরীক্ষাসহ বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ আসতেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের আবারো অভয়ারণ্য তৈরি করা হচ্ছে, নজিরবিহীনভাবে সরকার দলীয়করণ করেছে। সরকার জুলাই সনদ, গণভোট এবং তার নিজস্ব ৩১ দফার কোনটিই ফলো করছে না এবং জনগণের প্রতি দেওয়া কমিটমেন্ট রক্ষা করছে না।
যদি তারা কমিটমেন্ট রক্ষা না করে, এ কারণে আমাদেরকে সংসদের বাইরে আমাদেরকে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন বোধ করছি। সে লক্ষ্যে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণকে ঐক্যবদ্ধ করছি। আমরা মনে করি সরকার যদি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং তার প্রতিশ্রুতি যদি রক্ষা না করে, আমরা গণতান্ত্রিকভাবে রাজপথে ১১ দল সেটার জবাব দিবে।







