জেলেদের সঙ্গে ট্রলারে প্রতিমন্ত্রী রাজিব আহসান, শুনলেন দুঃখ-দুর্দশা

পটুয়াখালীর মহিপুরে জেলেদের সঙ্গে মাছ ধরার ট্রলারে দুপুরের খাবার খেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
আজ রোববার মহিপুরে ‘নৌযান শুমারি-২০২৬’ পরিদর্শন ও জেলেদের সঙ্গে মতবিনিময় সভা শেষে খাপড়াভাঙা নদী ও মাছ ধরার ট্রলার পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে। এ সময় জেলেদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে তাদের জীবনযাপন, নৌযান চলাচল ও সমুদ্রযাত্রার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন তিনি।
মতবিনিময় সভায় ট্রলিং ট্রলারের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ট্রলিং ট্রলারের বিষয়টি নিয়ে সবাইকে আরও সচেতন হওয়া উচিত। দিনশেষে অভিযোগের তীর রাজনৈতিক দলের দিকেই আসে। ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, নেতৃত্বের ক্ষতি, সর্বোপরি ভোটের ক্ষতি।
তিনি আরও বলেন, সামনে বেশ কয়েকটি নির্বাচন রয়েছে। মানুষের কাছে ভোট চাইতে হবে। জেলেদের ক্ষতি করে এমন কোনো কর্মকাণ্ড চলতে দেওয়া হলে ভবিষ্যতে মানুষের কাছে যাওয়ার পরিস্থিতি কঠিন হয়ে পড়বে। তাই মানুষের অনুভূতি ও প্রত্যাশা গুরুত্ব দিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন, মানুষের অনুভূতিগুলো নিয়ে আমরা কাজ করব। আশা করি, সবাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।
জেলেদের দীর্ঘদিনের দাবি খাপড়াভাঙা নদীর নাব্য সংকট প্রসঙ্গে তিনি বলেন, জেলেদের সুবিধার্থে খাপড়াভাঙা নদীতে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সমুদ্রে বৈরী আবহাওয়ার সময় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি লাইটিং হাউজ নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।







