ঢাকা

রূপগঞ্জে শুরু ওয়ান-স্টপ সার্ভিস, ১৩ দপ্তরের সেবা এখন হাতের মুঠোয়

সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ কার্যক্রম। একই স্থানে বিভিন্ন সরকারি দপ্তরের সেবা পেয়ে উপকৃত হচ্ছেন দাউদপুর ইউনিয়নের সাধারণ মানুষ।
সোমবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী মাদ্রাসা মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ টুটুল, থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

পরীক্ষামূলকভাবে আয়োজিত এ কার্যক্রমে স্বাস্থ্য, কৃষি, তথ্য, শিক্ষা, সমাজসেবা, প্রাণিসম্পদ, ভূমি ও নির্বাচনসহ ১৩টি সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পৃথক বুথে সেবা প্রদান করেন।
সকাল থেকেই দাউদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নানা বয়সী নারী-পুরুষ প্রয়োজনীয় সরকারি সেবা নিতে বেলদী মাদ্রাসা মাঠে আসতে থাকেন। অস্থায়ীভাবে স্থাপন করা বিভিন্ন দপ্তরের বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন।

সেবা নিতে আসা কয়েকজন জানান, সরকারি বিভিন্ন দপ্তর থেকে সেবা নিতে উপজেলা কার্যালয়ে গিয়ে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা পেতে দেরি হয়। তবে একই স্থানে একাধিক সরকারি দপ্তরের সেবা পাওয়ায় তাদের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হচ্ছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, নির্বাচনের আগে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরীক্ষামূলকভাবে ওয়ান-স্টপ সার্ভিস কার্যক্রম শুরু করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button