উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে পেঁচিয়ে আইওএম প্রকৌশলী ফারহানার মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি হাসপাতালে কাজ পরিদর্শন কালে চলন্ত জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামের এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন ।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের ৩-এর ব্লক-এ/১১ এলাকায় অবস্থিত আইওএম হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা।
উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফারহানা হক ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে কাজ পরিদর্শনের সময় তাঁর ওড়না ও চুল একটি জেনারেটরের সঙ্গে প্যাঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে ওই হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।







