
চট্টগ্রাম নগরের হালিশহরে পরিবহন শ্রমিকদের একটি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনসহ পুলিশের চার সদস্য এবং ৬ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
হালিশহর থানার বৌবাজার এলাকার দুলহান কমিউনিটি সেন্টারের সামনে আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলহান কমিউনিটি সেন্টারের সামনে পরিবহন শ্রমিকদের একটি সংগঠনের নির্বাচন চলছিল। ভোট গ্রহণের সময় দেরিতে ভোট কাস্ট হওয়া নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। এ সময় পুলিশের দিকে ইটপাটকেল ছোড়া হয় বলে পুলিশ জানিয়েছে। এতে ওসিসহ পুলিশের চার সদস্য আহত হন। সংঘর্ষে ছয় শ্রমিকও আহত হয়েছেন।
হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, পরিবহন শ্রমিকদের একটি নির্বাচনে দেরিতে ভোট কাস্ট হওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে মারামারি শুরু হয়। পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তখন তাদের দিকে ইটপাটকেল ছোড়া হয়।
ওসি বলেন, ‘এ ঘটনায় আমিসহ পুলিশের চারজন সদস্য আহত হয়েছি। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর এখন বিশ্রামে আছি।’







