মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেবে ইরান, কী হতে চলেছে উপসাগরীয় অঞ্চলে?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়া ইরান যুদ্ধ প্রায় ছয় মাস পেরিয়ে গেছে। এ অবস্থায় ইরানের ওপর নতুন করে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো বাড়ানোর পর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান।
নতুন এসব নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির ‘মূল চালিকাশক্তি’ বিচ্ছিন্ন করে দেবে বলে দাবি করছে ওয়াশিংটন। তবে এর জবাবে তেহরান বলছে, তাদের প্রধান বাণিজ্যিক অংশীদাররা ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করবে না।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, স্থানীয় সময় সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপগুলো ঘোষণা করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখলে সংশ্লিষ্ট দেশগুলোকে ডলারের ওপর নির্ভরশীল বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বের করে দেওয়ার ঝুঁকিতে পড়তে হবে।তবে এসব শাস্তিমূলক ব্যবস্থা কবে কার্যকর হবে এবং এর আওয়ায় কোন কোন দেশকে লক্ষ্য করা হবে, তা জানাননি বেসেন্ট। তবে মার্কিন অর্থ মন্ত্রণালয় ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তার ভাষ্য, নতুন নির্দেশনা মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে সময় দেওয়া হবে।
ওই নিষেধাজ্ঞা ঘোষণার আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র নতুন কোনো অর্থনৈতিক পদক্ষেপ নিলে তারা সামরিক জবাব দেওয়ার পাশাপাশি উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি আরো কমিয়ে দিতে পারে।
এ বিষয়ে ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য পুরোপুরি প্রস্তুত।’
রাষ্ট্রীয় টেলিভিশনকে মাদানিজাদেহ বলেন, ‘স্বাভাবিকভাবেই, শত্রুরা আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসী হামলা চালাতে চায়। কিন্তু আমাদেরও নিজস্ব হাতিয়ার আছে এবং আমরা জানি কিভাবে এ খেলা খেলতে হয়। আমাদের প্রতিরক্ষা এখন আর শুধু আত্মরক্ষামূলক নয়; শত্রুদের হামলার জন্য অপেক্ষা করতে হবে।’এ অবস্থায় চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ গ্রহণ করেনি বলে দাবি করেন তিনি।
অন্য দেশগুলোও এসব নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের অবকাঠামো হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলোতে বড় ধরনের আঘাত হানা হবে। প্রেস টিভি এ কথা জানিয়েছে।





