সুয়েব রানা, সিলেট : জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা পত্র ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দিয়েছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। এ সময় শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি শিক্ষা। পরীক্ষায় ভালো ফল অর্জনই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তারা বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাদের এ সাফল্য শুধু নিজেদের নয়, পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও পুরো জৈন্তাপুরবাসীর জন্য গর্বের। তাই মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলায় সহযোগিতা করা সমাজের সবার দায়িত্ব।
জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য হাফিজ রফিকুল ইসলাম রায়হান।
প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, নটরডেম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোজ কুমার সেন ও অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক সিরাজুল ইসলাম।
বক্তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতার এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
