ইয়াবাসহ গ্রেপ্তার রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য

রাজবাড়ীর পাংশায় ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা হলো, কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের নারী সদস্য হামিদা খাতুন(৪৭) ও সাজেদা বেগম (৪০)।
আজ বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।
ওসি মো. মফিজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে পাংশা পৌর শহরের নারায়নপুর এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ওই এলাকার ‘উড ওয়ার্ড ফার্নিচারের’ সামনে থেকে ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তার দুই নারীকে আদালতে পাঠানো হয় বলেও জানান ওসি।





