আশুগঞ্জে মাদক সেবনের দায়ে আটক ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক সেবনের সময় পুলিশের হাতে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁদের এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে শুভ (২২) ও একই গ্রামের মোজাফফর মিয়ার ছেলে আলাল উদ্দিন (৪৮)।
আশুগঞ্জের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী কমিশনার, ভূমি) কাজী রবিউস সারোয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় শুভকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে আলাল উদ্দিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে চরচারতলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালানোর সময় মাদক সেবনরত অবস্থায় দুজনকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ওই সাজা দেন।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁদের আটক করা হয়েছে। আটক শুভর বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি আদালত থেকে জামিনে রয়েছেন।
ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে।






